Tuesday, July 16, 2024



কুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সরব ছিল খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিকেল পাঁচটার দিকে পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (কুয়েট) খুলনার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে শহরের জিরো পয়েন্ট এলাকায় অবরোধ করেন।

খুলনার সংবাদকর্মী হাসান হিমালয় বিবিসি বাংলাকে জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হামি চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা।

পরে ওই খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েটসহ শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে জিরো পয়েন্ট এলাকায় যান। সেখানে গিয়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে।

রাজনীতি-মুক্ত ক্যাম্পাস থাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তাই খুলনায় শিক্ষার্থীদের আন্দোলনের ছাত্রলীগের কোনো তৎপরতা দেখা যায়নি বলে জানান মি. হিমালয়।

এর কিছুক্ষণ পরে ঢাকা-খুলনা-মোংলা সড়কও এক ঘণ্টার মতো অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

অন্যান্য ক্যাম্পাসে প্রতিবাদ ও হামলা




শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক আব্দুল সবুর বিবিসি বাংলাকে জানান, সোমবার বেলা পৌনে ১টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির কিছুক্ষণ পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলেও জানান মি. সবুর।

এই হামলায় কোটা বিরোধী আন্দোলনকারীদের অন্তত চারজন আহত হয়েছে।

হামলার পর কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্দোলনরত কয়েক শিক্ষার্থীর ওপর সোমবার সন্ধ্যায় হামলার খবর পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে কোটা আন্দোলনকারীরা।

0 comments:

Post a Comment